বিশেষ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি।।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৯মে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের সম্ভাব্য বড় আকারের আক্রমণ সম্পর্কে সতর্ক করেছিলেন। সেইসঙ্গে উত্তেজনা রোধে ভারতকে কিছু শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। খবর জিও নিউজের।
পেহেলগামে গত ২২ এপ্রিলের হামলার পর পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। যা কয়েক দশকের পুরনো প্রতিদ্বন্দ্বিতার সবশেষ উত্থান। হামলার জন্য ইসলামাবাদের ওপর দোষ চাপিয়েছিলো নয়াদিল্লি।
মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইককে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, জেডি ভ্যান্স সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে জানান যে, ভারত যদি সুনির্দিষ্ট কিছু বিষয়ে সম্মতি না দেয়, তাহলে পাকিস্তান বড় ধরনের আক্রমণ চালাবে।
তিনি বলেন, ‘গত ৯ মে রাতে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেছিলেন, তখন আমি সেখানে ছিলাম। ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছিলেন যে, যদি ভারত সুনির্দিষ্ট কিছু বিষয় মেনে না নেয়, তবে খুব বড় আক্রমণ চালাবে পাকিস্তান।’
সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত কৌশলগত গোষ্ঠী ‘কোয়াডৎ’ পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দেয়। তবে বিবৃতিতে হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করা হয়নি।
গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এরপর ভারত-পাকিস্তান সম্পর্ক বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রতিবেশী দুই দেশ।
সশস্ত্র গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) ওই হামলার দায় স্বীকার করেছিল। তবে ভারতের অভিযোগ, হামলার সঙ্গে পাকিস্তান জড়িত। এই গোষ্ঠী পাকিস্তান–সমর্থিত। তবে পাকিস্তান এ অভিযোগ নাকচ করে দেয়।
চার দিনের সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্ততায় ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।